
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ হলেও ইসির নিবন্ধিত ১০টি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট শতাংশের কোটায় পৌঁছাতে পারেনি। ফলে শূন্য শতাংশের কাতারে থাকা দলগুলো হলো- ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাগপা, এনডিএম, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল ও বাংলাদেশ সম-অধিকার পার্টি।
ইসির প্রকাশিত পরিসংখ্যান বলছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ অর্জন করেছে। ২৯০টি আসনে প্রার্থী দিয়ে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ পেয়েছে এবং ৬৮টি আসনে জয় লাভ করেছে। ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে কোনো দল নয়, রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ পেয়েছেন। দেশের ২৭৪টি আসনে বিভিন্ন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্বতন্ত্র প্রার্থীদের পর ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩২টি আসনে প্রার্থী দেওয়া এই দলটির নেতারা ৬টি আসনে এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট এবং একটি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট। অন্যদিকে জাতীয় পার্টি ১৯৯টি আসনে প্রার্থী দিলেও তাদের ভোটের হার দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৮৯ শতাংশে। –খবরের কাগজ
বার্তাকণ্ঠ ডেস্ক 






































