
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত সাত যাত্রী আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা এলাকার অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার সুরুজগঞ্জ বোয়ালিয়া এলাকার বাসযাত্রী মিজানুর রহমান (৪৯)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
কুমিল্লা প্রতিনিধি 






































