
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
ক্রয়মূল্যে ও আমদানি মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আশ বাজার। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদায় আশ বাজারের ৯ম আউটলেট উদ্বোধন হয়েছে।
তরুণ উদ্যোক্তা শাহিন আলমের উদ্যোগে, সোমবার বেলা ৩টায় “ওয়াসিয়া এন্টারপ্রাইজ” নামে নতুন এই আউটলেটির উদ্বোধন করেন, স্থানীয় মসজিদের খতিব ও আহমদিয়া গৌছিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মওলানা আলিম উদ্দিন আনওয়ারী। এছাড়াও আশ ফাউন্ডেশন ও আশ বাজারের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অন্যতম একটি মানবিক উদ্যোগ আশ বাজার। জনগণের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানান, আশ বাজারের প্রতিটি আউটলেট থেকে ক্রেতারা পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে কম মূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে শুরু করে পর্যায়ক্রমে সারাদেশে এই মানবিক উদ্যোগ বিস্তারের লক্ষ্যে কাজ করছে আশ বাজার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আশ বাজারের প্রতিটি আউটলেটে সরাসরি সৌদি আরব থেকে আমদানিকৃত খেজুর পাওয়া যাবে। ক্রেতারা আশ বাজার ওয়েবসাইটের মাধ্যমেও ঘরে বসে অর্ডার করতে পারবেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় রয়েছে হোম ডেলিভারি সার্ভিস এবং সারাদেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানোর সুবিধা।
বর্তমানে চট্টগ্রামের অক্সিজেন, রাহাত্তারপুল, ২ নং গেইট আল ফালাহ গলি, আগ্রাবাদ, নাসিরাবাদ ও চান্দগাঁও আবাসিকে আশবাজারের আউটলেট গুলো ব্যাপক গ্রাহক সাড়া পেয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 






































