
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এসবের সঙ্গে একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানা গেছে।
ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী জানান, সোমবার রাত সাড়ে ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড় উদ্ধার করে। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






































