
যশোর অফিস
যশোরের চুড়ামনকাটি বাজার এলাকায় প্রাচীন জনপথ দখল,সশস্ত্র হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষিকা মিসেস রুবিনা আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডেমক্রান এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন।
লিখিত বক্তব্যে রুবিনা আলম বলেন, তারা গত প্রায় ৩০ বছর ধরে চুড়ামনকাটি বাজার এলাকায় বসবাস করছেন। এলাকার একটি প্রাচীন জনপথ, যা প্রায় ২৫-৩০টি পরিবার দীর্ঘদিন ব্যবহার করে আসছিল, তা প্রতিবেশী মি. প্রামাম ও সোহান অবৈধভাবে দখল করে নিয়েছেন। মূল ভূমির মালিক আমিন তরফদার দলিলে ওই অংশটিকে রাস্তা হিসেবে উল্লেখ করেছিলেন বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিবাদীরা জনপথে অবৈধভাবে দরজা নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেন। এতে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই জেরে গত ১১ ফেব্রুয়ারি বিবাদী পক্ষের সদস্য সোহান ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার মা চাঁদ সুলতানা ও বোন জান্নাতুল ফেরদৌসও হামলার শিকার হন।
রুবিনা আলম বলেন, “আমি পেশায় মোহাম্মদপুরের একটি সনামধন্য কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক। একজন শিক্ষক হিসেবে সমাজে আমার যে সম্মান রয়েছে, এ হামলার মাধ্যমে তা ক্ষুণ্ন করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলোঅবৈধ স্থাপনা উচ্ছেদ, বিতর্কিত ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি, জনসাধারণের চলাচল পুনঃস্থাপন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি।
যশোর অফিস 






































