
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে এটিই তেজগাঁও কার্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কাজ। এর মাধ্যমে দীর্ঘ সময় পর এই কার্যালয়ে সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড পূর্ণোদ্যমে শুরু হলো।
প্রধানমন্ত্রী সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি দীর্ঘকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, যা এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।
দাফতরিক কাজের শুরুতে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করার এই উদ্যোগকে সংশ্লিষ্ট সকলে ইতিবাচক হিসেবে দেখছেন।
নিজস্ব সংবাদদাতা 







































