
যশোর অফিস
যশোরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। তিনি তার বক্তব্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ভাষার শক্তিই আমাদের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের পথে এগিয়ে নিয়েছিল।
যশোরের জেলা প্রশাসক আশেক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ভাষা দিবসের গুরুত্বের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করা হয়। পুলিশ সুপার প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। বিজয়ীদের এই সাফল্য উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর অফিস 






































