
যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আটক রুপিয়া খাতুন (৪০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক পাচারের সঙ্গে জড়িত।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১,৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর অফিস 






































