
যশোর প্রতিনিধি
সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহল হোসেন তানভীর (২৫) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, তানভীর যশোর সদরের হামিদপুর নুড়িতলা গ্রামের বাসিন্দা এবং মাসুদ রানার ছেলে। গত বছরের ৫ জানুয়ারি তাঁর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ৩ ডিসেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ওই নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর তানভীর আবার যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ভুক্তভোগীকে বারবার দেখা করতে চাপ দেন।
অভিযোগ রয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ভিডিও ও কিছু ছবি আপলোড করেন তানভীর। ভিডিও সরিয়ে নিতে বললে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন এবং ব্ল্যাকমেইল করতে থাকেন। পরে বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে পুলিশ তাঁর নিজ বাড়ি থেকে তানভীরকে আটক করে। ২৩ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর প্রতিনিধি 







































