
আধুনিক জ্ঞান ও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা: ড. প্রফেসর কুদরত এ খোদা এমন একজন বিরল ব্যক্তিত্ব, যিনি আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, উচ্চতর গবেষণা এবং সুগভীর আধ্যাত্মিক সাধনার এক অনন্য সমন্বয় ঘটিয়েছেন। পারিবারিক ঐতিহ্যের ধারক হিসেবে তরিকতের সাধনা আর পেশাগত জীবনে শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে তিনি সমকালীন সমাজে এক আদর্শিক সেতুবন্ধন তৈরি করেছেন। তাঁর জীবন ও কর্ম মূলত ইসলামের প্রকৃত মানবিক রূপ এবং আত্মশুদ্ধির এক আধুনিক ও সময়োপযোগী উপস্থাপনা।
পারিবারিক পটভূমি: ড. প্রফেসর কুদরত এ খোদা ১৯৮৫ সালের ১৬ জুন তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা ও মাতামহ—উভয় দিক থেকেই এক গৌরবান্বিত ও আভিজাত্যপূর্ণ আধ্যাত্মিক বংশধারার উত্তরাধিকারী। তাঁর পিতা এবং নানা—উভয়েই ছিলেন খ্যাতিমান পীর ও তরিকতের বিজ্ঞ পথপ্রদর্শক। ফলে শৈশব থেকেই তিনি পারিবারিক আধ্যাত্মিক পরিবেশে বেড়ে ওঠেন এবং একই সাথে জ্ঞানচর্চা ও নৈতিক সাধনার নিবিড় শিক্ষা লাভ করেন। এই সুগভীর পারিবারিক ঐতিহ্যই তাঁর পরবর্তী জীবনদর্শন ও আধ্যাত্মিক চেতনার মজবুত ভিত নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বর্ণাঢ্য শিক্ষাজীবন: শিক্ষাজীবনে তিনি আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার ধারায় নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি ‘দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে বি.এ. এবং এম.এ. ডিগ্রি অর্জন করেন। কেবল ইসলামী জ্ঞানচর্চায় সীমাবদ্ধ না থেকে, আইনশাস্ত্রের প্রতি গভীর অনুরাগবশত তিনি এলএল.বি (অনার্স) সম্পন্ন করেন এবং পরবর্তীতে এলএল.এম ডিগ্রি লাভ করেন। উচ্চতর গবেষণার প্রতি তাঁর প্রবল আকাঙ্ক্ষা তাঁকে পিএইচডি ডিগ্রি অর্জনের পথে অগ্রসর করে। এভাবে ইসলামী বিদ্যা ও আইনশাস্ত্র—উভয় ক্ষেত্রেই উচ্চতর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে তিনি একজন সমন্বিত ও বহুমাত্রিক জ্ঞানবিদ হিসেবে সমকালীন সমাজে আত্মপ্রকাশ করেছেন।
পেশাগত সাফল্য ও শিক্ষকতা: পেশাগত জীবনে ড. প্রফেসর কুদরত এ খোদা শিক্ষকতাকেই জীবনের প্রধান ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তাঁর কর্মজীবনের শুভ সূচনা হয় ‘দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। শিক্ষক হিসেবে তাঁর নিষ্ঠা, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই তাঁকে একাডেমিক মহলে সুপরিচিত করে তোলে। সাফল্যের ধারাবাহিকতায় তিনি ‘ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’-এর ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং সেখানে দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে ‘অ্যাডজান্ক্ট ফ্যাকাল্টি’ হিসেবে নিয়োজিত থেকে শিক্ষা ও গবেষণার বৃহত্তর কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
আধ্যাত্মিক সাধনা ও জীবনদর্শন: শিক্ষাবিদ পরিচয়ের সমান্তরালে তিনি তরিকতের একজন প্রাজ্ঞ পীর হিসেবেও সমধিক পরিচিত। বংশপরম্পরায় প্রাপ্ত আধ্যাত্মিক উত্তরাধিকার এবং নিজস্ব নিরলস সাধনা ও রিয়াজতের মাধ্যমে তিনি অগণিত মুরিদান ও অনুসারীদের আধ্যাত্মিক মুক্তি ও সঠিক জীবনের পথনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাঁর জীবনধারা একদিকে যেমন আধুনিক প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, অন্যদিকে তাসাউফ ও আধ্যাত্মিক সাধনার গভীরে নিবেদিত। জ্ঞানচর্চা, শিক্ষকতা এবং আধ্যাত্মিক দীক্ষা—এই তিন ধারার এক অপূর্ব সমন্বয়ে ড. প্রফেসর কুদরত এ খোদার জীবন ও কর্ম বর্তমান সময়ে এক বিশেষ তাৎপর্য বহন করে।
জীবনদর্শন: তাত্ত্বিক জ্ঞানের বাইরে বাস্তব সেবার আহ্বান- ড. প্রফেসর কুদরত এ খোদার জীবনদর্শনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো—জ্ঞানচর্চা, আধ্যাত্মিকতা এবং মানবসেবাকে একসূত্রে গেঁথে ফেলা। তাঁর মতে, আধ্যাত্মিকতা কেবল তাত্ত্বিক আলোচনা বা নির্জন সাধনার বিষয় নয়; বরং মানুষের বাস্তব সংকটে পাশে দাঁড়ানোই হলো প্রকৃত ‘দাওয়াত’ ও ‘খেদমত’। এই গভীর উপলব্ধি থেকেই তিনি দীর্ঘকাল ধরে নানামুখী মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
শিক্ষা ও মেধা বিকাশে অবদান: শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত জোরালো। তিনি বিশ্বাস করেন, একটি জাতির মেরুদণ্ড সোজা করতে শিক্ষার কোনো বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অনুদান প্রদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক বৃত্তির ব্যবস্থা করে আসছেন। তাঁর এই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তায় বহু শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে, যা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এক মজবুত ভিত্তি হিসেবে কাজ করছে।
সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সেবা: সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের প্রতি ড. কুদরত এ খোদার মমত্ববোধ চিরকালই প্রশংসনীয়। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে এতিম ও দুস্থ শিশুদের মাঝে উন্নত খাবার ও বস্ত্র বিতরণ তাঁর নিয়মিত কর্মসূচির অংশ। এছাড়া স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন, হাসপাতালে ভর্তি এবং ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।
দুর্যোগ মোকাবিলা ও জরুরি মানবিক সহায়তা: প্রাকৃতিক দুর্যোগের প্রতিটি কঠিন সময়ে তিনি আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বন্যা বা জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে শীতকালে দুস্থদের মাঝে কম্বল বিতরণ—সবক্ষেত্রেই তাঁর উপস্থিতি উজ্জ্বল। বিশেষ করে কোভিড-১৯ মহামারির চরম সংকটের সময় তিনি এবং তাঁর কর্মীবাহিনী অভাবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন।
‘কদর ফাউন্ডেশন’: সেবার প্রাতিষ্ঠানিক রূপ- এই বিশাল কর্মযজ্ঞ মূলত তাঁর প্রতিষ্ঠিত ‘কদর ফাউন্ডেশন’-এর মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে গেছে। নিয়মিত কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই ফাউন্ডেশন আজ হাজারো মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
লেখক ও চিন্তাবিদ হিসেবে ভূমিকা: মানবসেবার পাশাপাশি ড. প্রফেসর কুদরত এ খোদা একজন প্রাজ্ঞ লেখক ও চিন্তাবিদ হিসেবেও সক্রিয়। সমাজ, ধর্ম, আধ্যাত্মিকতা এবং নৈতিকতা বিষয়ে তাঁর সূক্ষ্ম চিন্তাভাবনাগুলো বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হয়। তাঁর লেখনীর মূল লক্ষ্য হলো—মানুষের নৈতিক ও বৌদ্ধিক জাগরণ ঘটানো এবং ইসলামের মানবিক আদর্শকে আধুনিক বিশ্বের সামনে তুলে ধরা।
প্রযুক্তি ও আধ্যাত্মিকতার সমন্বয়: ড. প্রফেসর কুদরত এ খোদার কর্মতৎপরতার একটি অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী দিক হলো আধ্যাত্মিক দাওয়াতকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সমন্বিত করা। বর্তমান যুগের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে তিনি ইসলামের সুমহান বাণী প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। তাঁর এই দূরদর্শী উদ্যোগের ফলে আধ্যাত্মিক চর্চা কেবল নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ না থেকে অনলাইনের মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষের সাথে এক নিবিড় রূহানী সম্পর্ক গড়ে উঠেছে।
ভার্চুয়াল ‘আশেকে রাসুল (সা.)’ মাহফিল: প্রযুক্তির এই সফল ব্যবহারের একটি অন্যতম উদাহরণ হলো প্রতি শুক্রবার জুমার নামাজের পর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সাপ্তাহিক ‘আশেকে রাসুল (সা.) মাহফিল’। এই অনলাইন সমাবেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং ড. কুদরত এ খোদার তাত্ত্বিক ও দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে এটি একটি বৈশ্বিক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মের কাছে ধর্মীয় চর্চাকে আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগটি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সেমিনার ও বিশ্বশান্তির বার্তা: কেবল ভার্চুয়াল জগতেই নয়, আন্তর্জাতিক ভৌত পরিসরেও তিনি ইসলামের আধ্যাত্মিক মূল্যবোধ ও মানবিক বার্তা পৌঁছে দিচ্ছেন। ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তাঁর উদ্যোগে “ইসলামিক সুফি কনফারেন্স ইন সেলফ পিউরিফিকেশন, পিস অ্যান্ড হারমনি” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে আত্মশুদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে মানবিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।
গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স: বিশ্বব্যাপী আশেকে রাসুলদের ঐক্যবদ্ধ করার লক্ষে তিনি ‘গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স’ নামক একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৪ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে রেডব্রিজ টাউন হলে এবং ২০২৪ সালের ২৭ জুলাই পুনরায় সুইডেনের স্টকহোমে বিশাল পরিসরে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনগুলোতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ সমবেত হন।
এই আয়োজনগুলোর মূল প্রতিপাদ্য হলো—ইসলামের আধ্যাত্মিক শিক্ষা, বিশ্বশান্তি এবং পারস্পরিক সহমর্মিতার প্রসার। ড. প্রফেসর কুদরত এ খোদা পরিকল্পনা করেছেন প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রধান শহরে এই সম্মেলন আয়োজন করার, যাতে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নবীপ্রেমিকদের মধ্যে একটি শক্তিশালী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যোগসূত্র তৈরি হয়। তাঁর এই উদ্যোগ মূলত ইসলামের মানবিক ও উদার আদর্শকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করার এক নিরলস প্রচেষ্টা।
জোনাকি কনভেনশন হল: এক বিরল ঐক্যের আহ্বান- ২০২৬ সালের ৮ মার্চ, ১৬ রমজান। ঢাকার পল্টনের জোনাকি কনভেনশন হলে আয়োজিত ‘ইফতার মাহফিল ২০২৬’ কেবল একটি আনুষ্ঠানিক সমাবেশ ছিল না, বরং তা ছিল বাংলাদেশের সুফি ও আধ্যাত্মিক ধারার মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ইফতারের ঠিক আগ মুহূর্তে হলরুমে প্রবেশ করতেই শোনা যাচ্ছিল ড. প্রফেসর কুদরত এ খোদার দীপ্ত কণ্ঠস্বর। তাঁর বক্তব্যের মূল সুর ছিল—মুসলিম উম্মাহর সুফিপন্থীদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা।
তিনি অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেন যে, বর্তমান সময়ে বিভিন্ন দরবার ও তরিকার মধ্যে যে দূরত্ব ও বিভাজন সৃষ্টি হয়েছে, তা ইসলামের প্রকৃত শিক্ষার পরিপন্থী। তাঁর মতে, আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অন্তরকে আলোকিত করা এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। সেই মাহফিলে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য বহু পীর-মাশায়েখ। অনেক ক্ষেত্রে বিভিন্ন দরবারের মধ্যে যে সংকীর্ণতা দেখা যায়, ড. কুদরত এ খোদা তা ভেঙে সবাইকে এক কাতারে আনতে সক্ষম হয়েছেন। তাঁর সেই উদার আহ্বান এবং নিঃস্বার্থ অবস্থান উপস্থিত সকলের মনে এক নতুন আশার সঞ্চার করেছে।
বকশীবাজার খানকায় আধ্যাত্মিক সংলাপ: এর কয়েক দিন পরই, ১১ মার্চ (২১ রমজান) বকশীবাজার খানকায় ড. কুদরত এ খোদার সঙ্গে পুনরায় সাক্ষাতের সুযোগ ঘটে। গদীনশীন হুজুর সাঈদ আনোয়ার মোবারকীর আন্তরিক আতিথেয়তা এবং আগত অতিথির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা প্রদর্শন ছিল এক অনন্য দৃষ্টান্ত। রাত নয়টার দিকে ড. কুদরত এ খোদা সেখানে উপস্থিত হয়ে হামদ, নাত ও মানক্বাবত শ্রবণ করেন।
এরপর তিনি অত্যন্ত সপ্রতিভভাবে তুলে ধরেন তাঁর জীবনের লক্ষ্য ও দর্শনের কথা। পশ্চিমা বিশ্বের অভিজ্ঞতা এবং উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকারী হওয়া সত্ত্বেও তাঁর প্রধান পরিচয়—তিনি একজন নিবেদিত আধ্যাত্মিক সাধক। তাঁর স্পষ্ট বার্তা ছিল: “তিনি নিতে নয়, বরং দিতে এসেছেন।” বস্তুগত প্রাপ্তির উর্ধ্বে উঠে মানুষের অন্তরে ‘নূরে মুহাম্মাদী’-র আলো জ্বালিয়ে দেওয়াই তাঁর জীবনের প্রধান ব্রত। তাঁর কথা ও আচরণে আভিজাত্যের চেয়ে আধ্যাত্মিক দায়বদ্ধতাই বেশি ফুটে উঠেছিল।
সমকালীন বাস্তবতা ও আগামীর চ্যালেঞ্জ: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামের প্রকৃত আদর্শের প্রচার ও সুফিপথের মূলধারাকে পুনরুজ্জীবিত করা একটি অত্যন্ত কঠিন পথ। যেখানে অনেক ক্ষেত্রে ধর্মকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়, সেখানে ড. কুদরত এ খোদা, সাঈদ আনোয়ার মোবারকীর মতো ব্যক্তিত্বদের নিঃস্বার্থ কর্মধারা আশার আলো দেখায়।
তবে বাস্তবতা হলো, অধিকাংশ আধ্যাত্মিক প্রতিষ্ঠানই ভক্ত ও মুরিদদের আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল। এই ভোগবাদী সামাজিক কাঠামোতে ড. কুদরত এ খোদার এই নির্মোহ মিশন কতটা সফল হবে, তা সময়ের পরিক্রমায় স্পষ্ট হবে। তবুও এটুকু বলা যায়, তাঁর দেখানো এই পথটি কেবল আনুষ্ঠানিকতার নয়, বরং এটি একটি আদর্শিক ও নৈতিক সংগ্রামের পথ। নবীজির রূহানী ছায়া এবং সহযাত্রীদের সততা ও তাওয়াক্কুল বজায় থাকলে এই মহতী মিশন একদিন নিশ্চিতভাবেই বাস্তবতার রূপ পাবে।
নিঃস্বার্থ কল্যাণের এক উজ্জ্বল ভবিষ্যৎ: পরিশেষে বলা যায়, ড. প্রফেসর কুদরত এ খোদার কর্মধারা কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়, বরং তা মুসলিম উম্মাহর ঐক্য এবং আর্তমানবতার সেবায় নিবেদিত। ‘কদর ফাউন্ডেশন’-এর মাধ্যমে সেবামূলক কার্যক্রম কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘আশেকে রাসুল (সা.)’ কনফারেন্সের মাধ্যমে ইসলামের শান্তি ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দিয়ে তিনি এক বৈশ্বিক পরিবর্তনের স্বপ্ন দেখছেন। ভোগবাদী এই সমাজে তাঁর নিঃস্বার্থ ও আদর্শিক এই পথচলা আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও নৈতিক জীবনের দিশারি হয়ে থাকবে।
——————————গবেষক ও কলামিস্ট
কায়ছার উদ্দীন আল-মালেকী 






































