
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন এক নেত্রী ভিডিওয়ের মাধ্যমে বলছেন, লন্ডনের নেতা (তারেক রহমান) চাচ্ছেন দাউ দাউ করতে (আগুন জ্বালাতে), তারপর সাভারে দেখলাম এক বাসে আগুন, অন্যান্য জায়গায় আগুন। অগ্নি-সন্ত্রাসীরা আবার এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাদের উপযুক্ত জবাব দেবে।’
তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিকে, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ পেশি শক্তিতে বিশ্বাস করে, গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে।
১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করেছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি।’
১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ঢাকা ব্যুরো।। 







































