
যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন ও ১৫ বছরের সাজা প্রাপ্ত অস্ত্রধারী ৫ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে যশোর, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আটক আসামিরা হলো যশোর শহরের বেজপাড়া এলাকার মো: রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে সাগর হোসেন (২১) ও একই গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে আব্দুল কাদের (৩৪)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশী- বিদেশী আগ্নেয়স্ত্র ও গুলী উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ সকল আসামিদের মধ্যে অন্যতম আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও অনান্য আসামিদের মধ্যে তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এবং আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এবং অনান্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা, ও বিষ্ফোরক আইনেও মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। #
প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য হলেন টিয়া, সর্বক্ষণিক দায়িত্বে মাসুদ
বহুমাত্রিক জ্ঞান চর্চাকেন্দ্র প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন সংগঠনের সিনিয়র সদস্য আখতার ইকবাল টিয়া। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সুপ্রিম কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় প্রাচ্যসংঘের কোষাধ্যক্ষ এস এম এ মাসুদকে সংগঠনের সর্বক্ষণিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
রাত ৯টায় প্রাচ্যসংঘ কার্যালয়ে শহরস্থ সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে উল্লিখিত সিদ্ধান্তসমূহ প্রকাশ করা হয়।
এই সভায় প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান, কাসেদুজ্জামান সেলিম, আকসাদ সিদ্দিকী শৈবাল, ভারপ্রাপ্ত সভাপতি খবির উদ্দিন সুইট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, সদস্য আহসান কবীর, সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, আবুল হুসেন রাষ্ট্রসভার পরিচালক জাহিদ আককাজ, সদস্য নূর ইসলাম, শহিদ জয়, আকরামুজ্জামান, ইবাদত খান প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুভূতি ব্যক্ত করেন সুপ্রিম কাউন্সিলের নবনিযুক্ত সদস্য আখতার ইকবাল টিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুপ্রিম কাউন্সিল সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
যশোরের শার্শা থেকে চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা অস্ত্রসহ গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার উলশি ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে যশোর ডিবি পুলিশ বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বেনাপোলের মাসুদ রানাকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে খাজুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা বেনাপোল কাগজপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
ডিবির ওসি রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে ওই এলাকায় অস্ত্রধারী এক সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষনিক এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।#
যশোরে অজ্ঞান পার্টির চোর চক্রের ৫ সদস্য আটক
যশোরের ডিবি পুলিশ কেশবপুর এলাকা থেকে অজ্ঞান পার্টির চক্রের ৫ সদস্যকে আটক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে । যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ,ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম শফি আহমেদ রিয়েলসহ একটি চৌকশ টিম এবং কেশবপুর উপজেলার ও মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও চোর চক্রের ৫ সদস্য আটক করে। এসময় ৫টি বাড়ীতে অচেতন করে চুরি সংঘটনের ঘটনার রহস্য উদঘাটনসহ চোরাই আলামত এবং চুরি কাজে ব্যবহৃত চেতনা নাশক ঔষধ মিশ্রিত হলুদের গুড়া উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্য স্বীকার করে কেশবপুর উপজেলার কোমরপুর বিল্লাল, জাহানপুর গ্রামের গোপীনাথ দাস ,বাগদাহ গ্রামের আবুল কালামের বাড়িসহ বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করে চোর চক্রের সদস্যরা।
যশোর ডিবি পুলিশের কাছে এমন অভিযোগ আসলে তারা চোরচক্রকে ধরতে মাঠে নামে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত যশোরের মনিরামপুর কেশবপুর উপজেলা বিভিন্ন স্থানে যশোর ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের হাতে আটক আসামিরা হচ্ছে ,যশোর জেলার অভয়নগর উপজেলার বাগুটিয়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে তরিকুল ইসলাম, কেশবপুর উপজেলার ভগতি নরেন্দ্রপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে জনি রহমান, মনিরামপুর উপজেলা কাশিপুর গ্রামের মৃত আকাম সর্দারের ছেলে সাইদুর ,একই উপজেলার হালসা গ্রামের চান্দালী মোড়লের ছেলে ইসরাইল হোসেন, ও কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন হোসেন।
আটক ৫ জনের স্বীকারোক্তি মতে, যশোর ডিবি পুলিশ এক ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপার অলংকার একটি ভ্যান, একটি মোটরসাইকেল ,দুটি মোবাইল ,১২টি সাবান, ও চেতনা নাশক ওষুধ মিশ্রিত গুড়া উদ্ধার করে।#
দুই সম্পাদকের সাজার প্রতিবাদে বিএফইউজে’র প্রতিকী অবস্থান কর্মসূচি কাল
দেশের নন্দিত দুই সম্পাদক মাহমুদুর রহমান ও শফিক রেহমানের বিরদ্ধে বানোয়াট মামলায় ৭ বছরের সাজার প্রতিবাদে এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের নিপীড়নমূলক ধারা বাতিলের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র উদ্যোগে আগামীকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ‘প্রতিকী অবস্থান’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থেকে জুলুম ও নিপীড়নের বিরদ্ধে সোচ্চার হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন। #
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রথম বর্ষের শিক্ষার্থীদের আশ্বস্ত করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, এ বিশ্ববিদ্যালয় র্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র্যাগিংয়ে কেউ জড়িত থাকলে, তাকে ছাড়া হবে না, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। অনেকে ন্যায়ের কথা বলে নীতিহীন কাজে উৎসাহ দেবে, সেগুলোতে জড়িত থাকবে না।
বুধবার সকাল ও বিকেলে দুটি পর্যায়ে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। ওরিয়েন্টেশনের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে ভর্তিকৃত শিক্ষার্থীরা ও উপস্থিত সকলেই ক্যালোব্যাজ ধারণ করেন ও পরবর্তীতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, নদীতে যখন বান আসে, মাঠ-ঘাট ভাসিয়ে নিয়ে যায় তখন তা পলিমাটিতে উর্বর হয়। তবে পলিমাটির পাশাপাশি কিছু আগাছাও আসে, যেগুলো মাটির ফসল ফলাতে বাধা দেয়। তোমাদের জীবনেও এমন আগাছা আসবে, সেগুলো উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, তোমাদের অনেকে ন্যায় ও নীতির কথা বলে ন্যায়হীন ও নীতিহীন কর্মকাণ্ডে উৎসাহ দেবে, সেগুলোতে জড়িত থাকবে না। নিজেদের আলোকিত ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান নিয়েই জ্ঞানের আলোকবর্তিকা হয়ে বেরিয়ে যাবে। নিজেকে এমন যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে যেন কারোর কাছে হাত পাততে না হয়, শিক্ষক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রমও তুলে ধরেন।
ওরিয়েন্টেশনে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, তোমরা যারা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা অনেক ভাগ্যবান। কারণ এখানে শিক্ষা ও গবেষণার যে পরিবেশ তাতে তোমরা একজন আলোকিত মানুষ হয়ে এ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবে।
ওরিয়েন্টেশনের দুটি পর্যায়েই যবিপ্রবির ডিনবৃন্দ তাঁদের অধীনে স্ব স্ব বিভাগসমূহের চেয়ারম্যান ও ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণও তাঁদের কার্যক্রম তুলে ধরেন এবং সেবাসমূহের বর্ণনা দেন। দুটি পর্যায়ের ওরিয়েন্টশনে সভাপতিত্ব করেন এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ তারিখ শনিবার থেকেই যবিপ্রবির প্রথম বর্ষের সকল বিভাগেরই ক্লাস শুরু হবে।#
মাহমুদুর রহমান ও শফিক রেহমানের কারাদন্ডের আদেশে জেইউজের নিন্দা
কথিত অপরহণ চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও যায় যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ বাতিলের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ দেশবরেণ্য এই দুই সাংবাদিকের বিরুদ্ধে এধরনের সাজা দেয়ার ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে জেইউজে’র নেতারা বলেন, দু’জন সম্পাদকই বাংলাদেশের অগনিত গণতন্ত্রমনা মানুষের কাছে অতি প্রিয় নন্দিত এবং সাহসী কলযোদ্ধা হিসেবে সুখ্যাত ও সুপরিচিত। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও আদালতকে প্রভাবিত করে এ ধরনের সাজা দেয়া হয়েছে। এজন্য এ সাজা বাতিলের জন্য সরকারে প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
একই বিবৃতিতে নেতৃবৃন্দ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃদ্বয় সাংবাদিক হাবিবুর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। #
যশোরে দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ
যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আলাদা আলাদা অভিযানে গাঁজা বিক্রির অভিযোগে দু’জনকে গাঁজাসহ আটক করেছে। আটক গাজা ব্যবসায়ীরা হচ্ছে যশোর শহরের মোল্যাপাড়া আমতলার আকুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম ও যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর (পশ্চিম পাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তহিদুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে ।
যশোর সদরের নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সদস্যরা মঙ্গলবার ২২ আগষ্ট রাতে উপজেলার হাটবিলা গ্রামের শাখারীগাতী রাস্তার মোড়ে জাহিদ হাসানের মুদি দোকানের সামনে থেকে তৌহিদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি থানার পুলিশ বুধবার ভোর রাত সাড়ে ৪ টায় শহরতলী নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রীজের দক্ষিণ পার্শ্চে জাহাঙ্গীর মেটাল এর দোকানের সামনে থেকো শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করে।#
৫ বছর পর বেনাপোল পৌরসভায় মশক নিধন অভিযান শুরু করলেন মেয়র নাসির উদ্দিন
দীর্ঘ ৫ বছর পর গতকাল বুধবার বিকেলে থেকে বেনাপোল পৌরসভায় মশক নিধন শুরু হয়েছে। নবনির্বাচিত মেয়র মো: নাসির উদ্দিন দায়িত্ব গ্রহনের পরপরই ২টি উন্নতমানের মশা নিধন মেশিন ক্রয় করেন। গতকাল বিকেল থেকে বেনাপোল গাজিপুর ওয়ার্ড থেকে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন মেয়র নাসির উদ্দিন। কাস্টমস, বিজিবি ক্যাম্প, থানা পুলিশ ক্যাম্প সহ পৌর সভার ৯টি ওয়ার্ডে মশক নিধন অভিযান চলে। বিশেষ করে যে সব এলাকায় পানি জমে থাকে সেসব এলাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বেশী। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের সাথে ছিলেন পৌর সভার সচিব সাইফুল ইসলাম ইঞ্জিনিয়ার মো: মোশাররফ হোসেন,পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা।
যশোর অফিস ।। 







































