
আইনশৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে মাস দেড়েক আগে বর্বর নির্যাতনের শিকার সুমন মিয়া আবারও নির্যাতনের শিকার হয়েছে। এবার তাকে মারধরসহ কামড়ে কান ছিঁড়ে নেয়ার চেষ্টা করেছে সম্প্রতি জামিনে জেল থেকে বের হওয়া মাদক কারবারি মিলন মিয়া ও তার লোকজন।
আহত সুমন বর্তমানে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তিনি উপজেলার লতাবর গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রæতার জেরে রোববার সন্ধ্যায় বাড়ির পাশে কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করতে থাকে। একপর্যায়ে মিলন কামড়ে সুমনের কানের একাংশ ছিঁড়ে ফেলে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালালে সুমনের চিৎকারে কয়েকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এর আগে আইনশৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে লতাবর গ্রামের মিলন বাড়ি থেকে তুলে নিয়ে সুমনকে নগ্ন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে এ ঘটনার দুটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিন সহযোগীসহ মিলনের নামে পর্নোগ্রাফীসহ বিভিন্ন ধারায় মামলা হলে সে আটক হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়েছে সে। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট ।। 







































