
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বিরান ভূমিতে পরিণত করা। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত।
বুধবার দুপুরে কসবা উপজেলার (ব্রাহ্মণবাড়িয়া-৪) বাদৈর ঈদগাহ মাঠে বাদৈর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা দেখে আসছেন, ২০১৪ সাল থেকে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের অগ্নিসন্ত্রাস দেখেছেন। আগুন দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলতে দেখেছেন। এসব অপরাধের বিচার হচ্ছে। এখন তারা দাবি করছে– ১ লাখ ২৯ হাজার মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, যা মিথ্যা কথা।’
আনিসুল হক বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক কিংবা গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক, তা বিএনপি-জামায়াত চায় না। এই ধারা বাংলাদেশের জনগণের ইচ্ছায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তন করেছেন। এখন গণতন্ত্র একটা রূপ পেয়েছে। নির্বাচনের ব্যাপারে গ্রাম-গঞ্জে মানুষের আগ্রহ দেখে তারা ভীত হয়ে সন্ত্রাস করছে। তিনি বলেন, সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে কিনা– সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অবশ্যই তারা ভুল করেছে। কোনো রাজনৈতিক দল জনসম্পৃক্ততা হারালে টিকে থাকতে পারে না। কিছুদিন পর বিএনপিরও সেই অবস্থা হবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানী, সহসভাপতি কাজী আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। 







































