
দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা এ কে আজাদ।
নির্বাচনে জয়লাভের পর মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।
স্বতন্ত্র জোট থেকে বিরোধী দল করা সম্ভব কি না এমন প্রশ্ন করা হয় তাকে। জবাবে এ কে আজাদ বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু মাত্র ১১টি সিট পেয়েছে জাতীয় পার্টি, স্বতন্ত্র পেয়েছে ৬২টি সিট।’
তিনি আরও বলেন, ‘অলরেডি আমাকে অনেক বিদেশি ফোন করেছে যে, আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন ক -না। আমি বলেছি, সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, উনার আলোচনার বাইরে তো আমরা যেতে পারব না।’
বিরোধী দল কে হবে, তা নিয়ে ধোঁয়াশার মধ্যে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নির্ধারণ করছে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যদের অবস্থানের ওপর।
আইনমন্ত্রী সেখানে আরও বলেন, ‘স্বতন্ত্ররা যদি মনে করেন, তাঁরা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করবেন, তাহলে অবশ্যই তারা সেটা করতে পারবেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা জানা যাবে। কিন্তু আমার মনে হয়, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটা নির্দিষ্টসংখ্যক আসন প্রয়োজন। স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে। ৬২টি আসনে তারা জয়ী হয়েছেন।’
প্রসঙ্গত, দৈনিক সমকাল ও চ্যানেল২৪ মিডিয়ার মালিক এ কে আজাদ দেশের শীর্ষ প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১০ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। সুত্র: দৈনিক বাংলা।
ঢাকা ব্যুরো।। 







































