
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নতুন সরকারের চ্যালেঞ্জ হবে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা। আমাদের সরকার নতুন যাত্রা শুরু করবে, নতুন সরকার গঠিত হতে যাচ্ছে।
হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ায় যারা ভোট বর্জনের কথা বলেছিল, অগ্নিসন্ত্রাস করেছিল, সেই বিএনপি-জামায়াতের প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমাদের নতুন সরকার গঠন করার পর নতুন চ্যালেঞ্জ হচ্ছে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা এবং একটি স্মার্ট বাংলাদেশ গঠন করা।
তিনি বলেন, যেসব পর্যবেক্ষক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছিল, বিশেষ করে মার্কিন পর্যবেক্ষক থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক, অন্য জোটভুক্ত দেশ এবং বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক হিসেবে যারা এসেছিল তারা সবাই এই নির্বাচন সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখে অভিভূত হয়েছে। গতকাল ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে, সেখানে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেছে। জাপানসহ ৩১ দেশের রাষ্ট্রদূতরা এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছে। ভারত-চীন-রাশিয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
ঢাকা ব্যুরো।। 







































