
গরমকালের সবজি সজনে ডাঁটা। সজনে ডাটা দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করা যায়। সজনের তরকারি ও সজনে ডাল খুব স্বাস্থ্যকর একটি খাবার। তা ছাড়া সজনে পাতাকে বলা হয় সুপার ফুড। এই সজনের ডাঁটায় স্বাস্থ্য উপকারিতা অনেকেরই অজানা। চলুন তাহলে জেনে নিই সজনে ডাঁটা এবং শাক-এর পুষ্টিগুণ ও উপকারীতা-
১. সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ঠান্ডা জ্বর বা কাশি হলে তাই সজনের তরকারি খেলে জ্বর ও কাশি উপশমে সাহায্য করে।
২. উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে ডাঁটা বেশ উপকারী। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। শুধু ডাঁটা নয়, সজনে পাতাও উচ্চ রক্তচাপের চিকিৎসায় বেশ গুরুত্বপূর্ণ।
৩. হজমের সমস্যা সমাধানে সজনে বেশ উপকারী। যাদের পেটের গোলমাল বা হজমের সমস্যা আছে তারা সজনের তরকারি খেলে বেশ আরাম পেতে পারেন।
৪. ডায়াবেটিস রোগীদের জন্যেও সজনে অনেক উপকারী একটি সবজি। শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে।
৫. সজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। এটি আমাদের হাড় গঠনে সাহায্য করে। এ ছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনে ডাটার কোনো জুড়ি নেই।
৬. বসন্ত রোগ প্রতিরোধে সজনে ডাঁটা তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশংকা অনেকাংশে কমে যায়।
৭. সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণের আশঁ যা কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন নিয়ম করে সজনে ডাঁটা দিয়ে যেকোনো তরকারি রান্না করে খেতে পারেন। এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হবে।
৮. শ্বাসকষ্ট রোধে সজনে ডাঁটা খুবই উপকারী। শ্বাসকষ্ট রোধে উপকার পাওয়া যায় এর পাতা খেলেও। সজনে ডাঁটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে।
৯. সজনে পাতায় থাকা ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ দুধের চেয়েও বেশি। এই পাতা শাক হিসেবে খেলে শরীরের ব্যথা ও ক্লান্তি দূর হয়।
১০. এ ছাড়া সজনে ডাটা লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে। তাই সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি, সজনের ডাল বা সজনে শাক রাখতেই পারেন।
১১. শরীরের জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকেরই মুখের রুচি চলে যায়। মুখে রুচি বাড়াতে সজনে পাতা ভেজে বা ভর্তা করে খেলে মুখে রুচি ফিরে আসে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়।
লাইফস্টাইল ডেস্ক 







































