
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে মো. আনোয়ারুল হক (২৮) নামে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামে। এ সময় আহত হয়েছেন একই এলাকার আরেক শ্রমিক মজিবুর রহমান।
রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর কৃষি মাঠে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা।
হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত মজিবুর রহমান জানান, ‘উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের দেলোয়ার হোসেনের কৃষি জমিতে রবিবার সকাল থেকে আমরা ১০/১২ জন শ্রমিক মাটি কাটার কাজ করছিলাম । এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। তবুও আমার কাজ করতে থাকি। পরে একটি বজ্রপাত হঠাৎ আনোয়ারুল হকসহ আমাদের কয়েকজনের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ জানান, ‘বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মজিবুর রহমান নামের আরেকজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি 







































