
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে বাংলাদেশের ৪৩টি পাসপোর্ট ও ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএসএফ।
বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় দায়িত্বরত বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে তারালি-১ সীমান্ত চৌকি এলাকার ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করেন। পাশাপাশি ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ৬টি ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বেশ কিছু নথি জব্দ করা সজয়। গ্রেফতার করা হয় সন্দেহভাজন চোরাকারবারিকেও।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত সন্দেহজনক বস্তাটি উদ্ধার করতে নোঙর ও হুক ব্যবহার করেন। উদ্ধার করে সেটি তরালি-১ চেকপোষ্টে নিয়ে আসা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই বস্তার ভেতর থেকে ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যুকৃত ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উদ্ধার করা হয়।এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত বাংলাদেশি পাসপোর্ট ও ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো স্থানীয় তেতুলিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের জড়িত থাকতে পারে বলে মনে করছে বিএসএফ। তাদের ধারণা, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো অবৈধ অভিবাসন বা মানব পাচারের জন্য ব্যবহারের পরিকল্পনা ছিল।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































