
ঢাকা ব্যুরো:/=
করোনা রোধে স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্ট ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই শিমুলিয়া ঘাট নিয়ে সারা পৃথিবীতে ব্যাপক নিউজ হয়েছে। আমরা ফেরিগুলো চালু রেখেছিলাম বিশেষ বিশেষ কারণে। সরকারি কার্যক্রম, অ্যাম্বুলেন্স, চিকিৎসা পণ্য, ত্রাণসহ জরুরি প্রয়োজনে চালু রাখা হয়েছিল। কিন্তু দেখা গেছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। হাজার হাজার মানুষের স্রোত আমাদের পক্ষে থামানো সম্ভব ছিল না।’
তিনি বলেন, ‘আমি লঞ্চ ও স্পিডবোর্ড ঘাট পরিদর্শন করে দেখলাম যাত্রীরা কেউ স্বাস্থ্যবিধি মানছে, কেউ মানার চেষ্টা করছে আবার কেউ মানছে না। প্রশাসনকে এ ব্যাপারে বলা হয়েছে মোবাইল কোর্টসহ যথাযথ ব্যবস্থা নিতে। আমরা একটি নীতিমালা করে দিয়েছি সে নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে।’
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাবেক, প্রধান প্রকৌশলী (সিভিল) মো. মহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) সাইদুর রহমান, নৌ পুলিশের এসপি খন্দকার ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, নৌ পুলিশের এএসপি আনিসুর রহমান, লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক সিরাজুল কবির ও টিআই হিলাল উদ্দিন প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 







































