
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নদীরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি ) সকালে এ ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ দুলু (৭০) সারামারা নদীর পাড় এলাকার বাসিন্দা।
হত্যাকাণ্ডের ঘটনায় জরিত থাকায় সোলায়মান ( ৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সারমারা জিঞ্জিরাম নদীর পাড়ে জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা মৃত আব্দুল লতিফদের প্রতিবেশী আযাহার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আবদুল লতিফ দুলু সকালে ওই জমিতে রোপা আমন ধানের চাষে জমি তৈরির করার জন্য জমিতে যান।
এতে প্রতিবেশী আযাহার গং তাকে বাধাপ্রদান করেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে আযাহার মিয়া আবদুল লতিফ দুলুর মাথায় বাশ দিয়ে আঘাত করেন। আঘাতের ফলে ঘটনাস্থলেই আবদুল লতিফ দুলু মারা যান।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আব্দুল লতিফ দুলুর শরীর ও মাথা একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও একজনকে আটক করা হয়েছে।
এ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আযাহারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি এলাকাছাড়া বলে জানিয়েছেন স্থানীয়রা।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































