
বলিউডের আলোচিত প্রেমের টপিকের মধ্যে শীর্ষে রয়েছে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের প্রেম কাহিনি। এবার সে প্রেম কাহিনিই পর্দায় উঠতে চলেছে। প্রথম সারির একটি ওটিটি প্লাটফর্ম তাদের প্রেম কাহিনিকে পর্দায় তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমসন অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, আগ্রহ প্রকাশ করা ওটিটি প্লাটফর্মটি একটি তথ্যচিত্র তৈরি করতে চাচ্ছে। যেখানে তুলে ধরা হবে সুকেশ ও জ্যাকুলিনের সম্পর্ক, আদালতের নাটকীয়তা, মনস্তাত্ত্বিক সত্যান্বেষণ এবং সামাজিক সমীক্ষণও।
এ তথ্যচিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী জ্যাকুলিনের বিকল্প কেউ হতে পারে না। তাই ইতিমধ্যেই তার কাছে কাজের প্রস্তাব দেয়া হয়েছে। এ তথ্যচিত্রে জ্যাকুলিন অভিনয় করবেন কিনা তা এখনও জানা যায়নি। সিদ্ধান্ত নিতে একটু সময় নিয়ে তথ্যচিত্রের প্রস্তাব বিবেচনা করে দেখছেন অভিনেত্রী।
২০২১ সাল থেকে জ্যাকুলিন ও সুকেশের কাহিনি সংবাদের শিরোনামে হয়। ২০০ কোটির প্রতারণা মামলা, অর্থ কেলেঙ্কারি ও পাচারের অভিযোগে গ্রেফতার হন তিনি। টাকার হদিস পেতে এ ঘটনায় অনেক অভিনেত্রীর নাম জড়ায়। সেইসঙ্গে প্রথমবার প্রকাশ্যে আসে জ্যাকুলিনের সঙ্গে সুকেশের প্রেমের সম্পর্ক।
বর্তমানে কারাবাসে রয়েছেন সুকেশ। তবে কারাবাসে থাকলেও প্রেমিকাকে ‘বিশেষ উপহার’, ‘চিঠি’ দিতে ভুলেন না। অন্যদিকে একাকী জীবন পার করছেন জ্যাকুলিন। কিছুদিন আগে মায়ের মৃত্যু হলে আরও একাকিত্ব ঘিরে ধরেছে অভিনেত্রীকে।
বিনোদন ডেস্ক 























