
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে রিজেন্ট বোর্ড। এর মধ্যে ৯২ কোটি ৪৩ লাখ টাকা আসবে ইউজিসি থেকে এবং ৬ কোটি ১০ লাখ টাকা নিজস্ব আয় থেকে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
এ বছর গবেষণা খাতে ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে যবিপ্রবির বাজেট ছিল মাত্র ১ কোটি ২৩ লাখ টাকা, যা ১৮ বছরে বেড়ে ৮০ গুণেরও বেশি হয়েছে।
সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের সচিব ও বিশেষজ্ঞরা ভার্চুয়ালি ও সরাসরি অংশ নেন। উপাচার্য বাজেট সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও স্বচ্ছতা বজায় রেখে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
যশোর অফিস 


























