
ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মস্কোয় পুতিন-উইটকফ বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।
এদিকে নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সেনাদের হামলায় জাপোরিঝিয়ায় ২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা হামলায় প্রাণ গেছে ৪ জনের। আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের আরো একটি এলাকা দখলের দাবি করেছে মস্কো।
জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। সুমি ও কুরস্ক সীমান্তজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই বেসামরিক বলে দাবি করেছে স্থানীয় গভর্নর।
এই জটিল পরিস্থিতির মধ্যে বুধবার (৬ আগস্ট) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ।
বৈঠকের বিষয়ে ট্রাম্প জানান, আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে এবং ‘যুদ্ধ শেষ করার বিষয়ে সবাই একমত’। তিনি আরও জানান, তিনি পুতিন ও জেলনস্কির সঙ্গে আলোচনায় বসতে পারেন। এই দুই নেতা এই ধরনের বৈঠকে একমত হয়েছেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খুব ভালো সম্ভাবনা রয়েছে’। তবে তিনি আরও বিস্তারিত কিছু বলেননি।
এদিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার পরিকল্পনা করছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও আছে তার।
এরই মধ্যে বিষয়টি নিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেছেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায়, আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনও স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উইটকফের সফর নিয়ে তিনি নিজে কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। তার মতে, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মনোভাব আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মস্কোর দেয়া শর্তের ওপর। তিনি বলেন, ইউক্রেন ও তার অংশীদাররা মিলে একটি স্পষ্ট ও যৌথ অবস্থান নির্ধারণে কাজ করছে।
আন্তর্জাতিক ডেস্ক 







































