
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিকস টাইমস।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, ২০০ হেলিকপ্টারের এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি পবে বিমানবাহিনী। এই হেলিকপ্টারগুলো দিন-রাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে অসামরিক সহায়তায় ব্যবহৃত হবে।
দ্য ইকোনোমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়, মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধ ও উচ্চ পারফরম্যান্সের অঞ্চল যেমন লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজে আসছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করেছে। এই প্রাথমিক তথ্য সংগ্রহের ধাপ আগামী ২২ অগাস্টের মধ্যে শেষ করা হবে এবং তারপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনার কাজ শুরু হবে। প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করছিল মন্ত্রণালয়। তবে এখন ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি LUH-ও বিবেচনায় নিয়েছে। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তরের দিক মাথায় রেখে এই সিদ্ধন্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কেবল বাজারজাতকরণ ও চালু করার সময়সীমা চূড়ান্ত হওয়া বাকি।
সরকারি সূত্রে জানানো হয়, ধাপে ধাপে ইন্ডাকশন শুরু হতে পারে এবং পুরো পরিবর্তন সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে। পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী এখন দ্রুতগতির আধুনিক, বহুমুখী হেলিকপ্টার পাচ্ছে- যা সীমান্তে অভিযানে ও উদ্ধারকাজে বড় ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক 







































