
যশোর অফিস:
যশোর সদর ,চৌগাছা, ও মনিরামপুর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
প্রথম ঘটনায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চৌগাছা উপজেলার সিংহঝুলি ঝাউতলা মোড়ে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলযোগে চৌগাছার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান (৬৫) ও তার স্ত্রী রেশমা (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
দ্বিতীয় ঘটনায়,বিকাল ৫টার দিকে সদরের সাজিয়ালী পুলিশ ক্যাম্পের পাশে প্রেমঘটিত বিরোধের জেরে আক্কাস আলী (৫৫) নামে এক ব্যক্তি হামলার শিকার হন। জানা যায় এলাকার মারুফ (২৫) ও বিবাদীর মেয়ে জেসমিন (২১) গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে পালিয়ে যায়। এ নিয়ে উত্তেজনার মধ্যে মেয়েকে হাজির করার উদ্দেশ্যে পুলিশ ক্যাম্পে যাওয়ার পথে জাকির হোসেন (৫০) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তি হেলমেট দিয়ে আক্কাস আলীর মাথায় আঘাত করে।
তৃতীয় ঘটনায়, রাত ৭টার দিকে মনিরামপুর উপজেলার ঝাউতলা মোড়ে পূর্ব শত্রুতার জেরে রাফিজুল ইসলাম (২০) নামে এক যুবককে লাঠিপেটা করা হয়। অভিযোগ রয়েছে, আব্দুল আজিজ (৫৫), তার ছেলে খালিদ (১৮) ও আনোয়ার (৩৫) এ হামলায় জড়িত। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
পৃথক পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা গুলোকে অবগত করা হয়েছে বলে আহতদের পক্ষ থেকে জানানো হয়।
যশোর অফিস: 







































