
এএফসি নারী এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। লম্বা ভ্রমণ শেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়া পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, নিরাপদেই অস্ট্রেলিয়ায় পা রেখেছেন আফঈদা-ঋতুপর্ণারা।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন কোচ পিটার বাটলার।
এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। ৩ মার্চ প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে সিডনিতে এবং উজবেকিস্তানের বিপক্ষে পার্থে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এবং সেখানকার স্থানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিতে একটু আগেভাগেই অস্ট্রেলিয়া গিয়েছে বাংলাদেশ দল।
প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালি অধ্যায় সূচিত করে আমাদের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সব খেলোয়াড়, কোচ এবং সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে-কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’
মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেইসবুকে দেওয়া বার্তায় আমিনুল হক আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’
স্পোর্টস ডেস্ক 







































