
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব ছিল চমকে ভরা। হেভিওয়েট দল অস্ট্রেলিয়ার বাদ পড়া, জিম্বাবুয়ের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, নেপালের হার মানা লড়াইয়ের মানসিকতা— নানা ঘটনা জমিয়ে তুলেছে এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্বের লড়াই শেষে শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই। ‘বি’ গ্রুপে থাকা নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার এইট পর্ব। তবে সুপার এইটের ম্যাচগুলো পরিচালনা করবেন কারা, সেই তালিকা প্রকাশ করেছে আইসিসি।
সুপার এইটের উদ্বোধনী ম্যাচেই থাকছে ক্রিকেটের অভিজ্ঞ জুটি। নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচ পরিচালনা করবেন রডনি টাকার ও পল রাইফেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আল্লাহুদ্দিন পালেকার, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাজস্কি।
সুপার এইটের একাধিক ম্যাচের দায়িত্বে থাকবেন নোগাজস্কি। ২৪ ফেব্রুয়ারি ক্যান্ডিতে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তার সঙ্গে থাকবে নিতিন মেনন। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে মাঠে দেখা যাবে নোগাজস্কি ও টাকারকে।
শ্রীলঙ্কা ভেন্যুগুলোতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে থাকছেন আরও কয়েকজন অভিজ্ঞ আম্পায়ার। ২২ ফেব্রুয়ারি কান্ডিতে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন এড্রিয়ান হোল্ডস্টক ও আহসান রাজা। তার পাঁচ দিন পর নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ম্যাচও পরিচালনা করবেন এই একই জুটি। ২৫ ফেব্রুয়ারি কলম্বোয় শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড দায়িত্বে থাকবেন পালেকার ও আসিফ ইয়াকুব।
গ্রুপ ১-এর লড়াই শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিচালনা করবেন অভিজ্ঞ দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও ক্রিস গ্যাফানি। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।
১ মার্চ কলকাতায় সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। সে ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন গ্যাফানি ও ওয়ার্ফের জুটি। আর ২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে জিম্বাবুয়ে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ওয়ার্ফ ও কেটেলবরো।
২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে গ্রুপ পর্বে অপরাজিত থাকা জিম্বাবুয়ে। সেই ম্যাচ পরিচালনা করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও জয়ারামন মাদানাগোপাল।
২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সঙ্গে থাকবেন কুমার ধর্মসেনা। পরে ১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে ম্যাচেও ধর্মসেনাকে দেখা যাবে ইলিংওয়ার্থের সঙ্গে।
এদিকে ম্যাচ রেফারি প্যানেলেও রাখা হয়েছে অভিজ্ঞ চারজনকে— রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
স্পোর্টস ডেস্ক 







































