
কালীগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে এক প্রবাসী নারীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ওই নারীর আত্মীয় বলে জানা গেছে।
কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগে হরিখালী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ফারুক হোসেন (৪০), উল্লেখ করেন, একই উপজেলার পানিয়া গ্রামের জাহিদ খান (২৪) নামের এক ব্যক্তি তাদের আত্মীয়তার সূত্রে বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে পরিবারের সদস্যদের অজ্ঞাতে মোবাইল ফোনে ছবি সংগ্রহ করেন। পরে তার সৌদি আরবপ্রবাসী ছোট বোন হালিমা খাতুনকে কুপ্রস্তাব দেন এবং মোবাইলে উত্যক্ত করতে থাকেন।
অভিযোগে বলা হয়, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাহিদ খান সংগৃহীত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা আদায় করেন। একপর্যায়ে কৌশলে ভুক্তভোগীর জিমেইল আইডির নিয়ন্ত্রণও নিয়ে নেন।
গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযোগকারী ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, ‘হালিমা খাতুন’, ‘অচেনা পাখি’ ও ‘Zahid Khan’ নামের আইডি থেকে তার বোন ও পরিবারের সদস্যদের ছবি ও ভিডিও আপত্তিকর ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হচ্ছে। এতে পরিবারটি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা না করতে পেরে গত ২৬ শে ফেব্রুয়ারি মোঃ ফারুক হোসেন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটা পেয়েছি থানার এ এস আই আতিকুর রহমান তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেবেন।
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 






































