
আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিলো। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি, হামলার স্থানে হামাস নিজেদের অস্ত্রের উন্নয়ন ও গবেষণা করতো।দিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস।
মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিলো ইসরায়েলি বাহিনী। তখনও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।
নানা ধরনের চাপের মুখে গত ২১ মে শেষ পর্যন্ত মিশরের মধ্যস্ততায় গাজায় বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলো ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
নিজস্ব সংবাদদাতা 




































