
আন্তর্জাতিক ডেস্ক ।।
কাঁধে বস্তা। জীর্ণ-শীর্ণ চেহারা। হাত-পায়ের আঙুলগুলো গেছে কুঁকড়ে। এমনই ষাটোর্ধ্ব এক কাগজ কুড়ানো বৃদ্ধা ইংরেজিতে কথা বলছেন অনর্গল। অজানা গল্পকে আন্দাজ করে বিস্মিত নেটিজেনরা।
এ দৃশ্য ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর। শচিনা হেগার নামের এক নারী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ঠিক কী দেখা গেছে ভিডিওতে?
এতে দেখা গেছে, বৃদ্ধার সঙ্গে কথা বলছেন ওই ইনস্টাগ্রাম প্রোফাইলের নারী। আর সেখানেই রয়েছে চমক। আসলে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষের প্রতি সবার যে ধারণা তা যেন মুহূর্তে ছিন্ন হয়ে যায় তার অনায়াস ইংরেজি শুনে। নিজের সম্পর্কে কথা বলার পাশাপাশি স্রষ্টার গুণগানও শোনা যায় ওই বৃদ্ধার মুখে। তার পুরো নাম সেসিলা মার্গারেট লরেন্স।
কী করে একা একা কাটে তার দিনরাত? এ প্রশ্নের উত্তরে মার্গারেট মাতা মেরির একটি ছবি বের করে সেটি দেখিয়ে পালটা প্রশ্ন করেন, ‘আপনি আমাকে একা বলছেন?’ তার কথা থেকে জানা যায়, জাপানে দীর্ঘ সাত বছর কাটিয়ে এসেছেন তিনি।
জোড়া ভিডিও শেয়ার করে শচিনা লেখেন, ‘গল্পের সব সময় আপনাদের সঙ্গেই থাকে। আপনাকে কেবল থেমে গিয়ে চারপাশে ঘুরে দেখতে হবে। কিছু সুন্দর ও কিছু যন্ত্রণা কিন্তু ফুলের গুচ্ছ ছাড়া কি জীবন হয়? এই অসামান্য নারীর সংস্পর্শে আসতে চান? যদি আপনারা কেউ তার দেখা পান, দয়া করে একবার কথা বলে দেখবেন। বলাই বাহুল্য দুটি ভিডিওই ভাইরাল হতে সময় নেয়নি। সবাই বিস্ময় প্রকাশ করেছেন। রাস্তায় ঘুরে বেড়ানো একজন ভবঘুরে চেহারার মানুষের এমন বিস্ময়কর কথাবার্তা ও অতীতের সন্ধান যেন মনে করিয়ে দেয়, মলাট দেখে বইয়ের বিচার না করার সেই চিরন্তন প্রবচনকে। সূত্র: সংবাদ প্রতিদিন
নিজস্ব সংবাদদাতা 






















