
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
রাজবাড়ী দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের এই মাছটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার সকু মোল্লার আড়তে আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন। এসময় মাছটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।
এ বিষয়ে ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিছুটা লাভে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। সেইসঙ্গে বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, পদ্মায় এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমরা আগামীতে নদীর এ এলাকায় এ ধরনের বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।
নিজস্ব সংবাদদাতা 




































